বিজেপি কে বাংলা থেকে হটানোর ডাক দিলেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ মেঘলা আকাশ ঝির ঝিরে বৃষ্টিকে উপেক্ষা করে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের পাঁচ নম্বর সাত বাঁকুড়া অঞ্চলের নবকলা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ওই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। ওই প্রতিবাদ মিছিলে এলাকার কৃষকেরা সামিল হয়েছিলেন। যার ফলে বৃষ্টি উপেক্ষা করেও কৃষি বিল বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিলে প্রচুর মানুষের সমাগম হয়।
বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন কেন্দ্রের বিজেপি সরকার কৃষক বিরোধী সরকার। দিল্লি সীমান্তে কৃষকরা কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন করছে। সেই আন্দোলনে কৃষকদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন গায়ের জোরে পেশী শক্তিকে কাজে লাগিয়ে ও প্রশাসনকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার কৃষকদের আন্দোলন থেকে হটানোর চক্রান্ত শুরু করেছে। তাই এই কৃষক বিরোধী বিজেপিকে বাংলা থেকে হঠানোর তিনি ডাক দেন। তিনি বলেন দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছেন তখন বিজেপির কিছু মেকি নেতা কৃষকদের বন্ধু সাজার চেষ্টা করছে।
তিনি বলেন বিজেপি গোটা দেশটা কে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। তাই বিজেপির বিরুদ্ধে দেশের মানুষ প্রচন্ড ক্ষুব্ধ। তিনি আরো বলেন যে বাংলায় কৃষকেরা সুরক্ষিত রয়েছেন। কৃষকদের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার।তা সত্ত্বেও বিজেপি বাংলা জুড়ে তৃনমূলের কুৎসা ও অপপ্রচার করছে। তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে তিনি সর্বস্তরের মানুষকে এক হয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।সেই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন । বিজেপি কে কৃষক বিরোধী তকমা দিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ কে এক হয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

Post a Comment